Calcutta Television Network

প্রযুক্তি ছাড়াই ইন্টারলকিং সিস্টেমে মন্দির নির্মাণ, যুগ যুগ ধরে আজও দাঁড়িয়ে কেদারনাথ!

প্রযুক্তি ছাড়াই ইন্টারলকিং সিস্টেমে মন্দির নির্মাণ, যুগ যুগ ধরে আজও দাঁড়িয়ে কেদারনাথ!
21 September 2026 04:28:33 pm

হিমালয় ঠিক এখনও যতটা দুর্গম ততটাই রহস্যময়। এর প্রতি বাঁকে রয়ে গেছে রহস্য, যা হয়ত আগামী দিনেও চেষ্টা করে তার কিনারা করা সম্ভব নয়। সেরকমই এক মন্দির, বারো জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথ যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে রহস্য নিয়ে। সবচেয়ে অবাক করা বিষয় যেটা, এই দুর্গম অঞ্চলে পাথর দিয়ে এই মন্দির নির্মাণ হলো কীভাবে? এই নির্মাণ কার্য মহাভারত থেকে আদি শঙ্করাচার্য, জড়িয়ে আছে অনেক ইতিহাস। কয়েক শতাব্দীর এই পুরানো স্থাপত্য শুধুই একটি মন্দির নয় ভারতের প্রাগ-ঐতিহাসিক ইতিহাসের একটি নিদর্শনও।

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়, মন্দাকিনী নদীর তীরে প্রায় ১১,৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান ক্ষেত্র কেদারনাথ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই তীর্থক্ষেত্রটি পবিত্র চারধামের (বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী) একটি ধাম। কিন্তু কেবল ধর্মীয় বিশ্বাসের গণ্ডিতেই কেদারনাথ সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস, পুরাণ এবং আধ্যাত্মিক রহস্য। মহাভারত ঘাটলে জানা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধে স্বজনবধের পাপ থেকে মুক্তি পেতে পঞ্চপাণ্ডব ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু শিব পাণ্ডবদের ওপর রুষ্ট ছিলেন এবং তাদের দর্শন দিতে চাননি। তিনি পাণ্ডবদের এড়াতে গুপ্তকাশীতে গিয়ে ষাঁড়ের ছদ্মবেশ ধারণ করেন। পাণ্ডবরা যখন তাঁকে চিনে ফেলেন, তখন শিব ভূমিতে বিলীন হতে শুরু করেন। সেই সময় ভীম, ষাঁড় রূপী শিবের লেজ ও পেছনের অংশটি ধরে ফেলেন। পুরাণ মতে, ষাঁড়ের সেই পৃষ্ঠভাগ বা কুঁজটি কেদারনাথে থেকে যায় এবং সেটিই আজ শিলারূপে পূজিত হয়। মহিষের বাকি অংশগুলি হিমালয়ের অন্য চার জায়গায় আবির্ভূত হয়, বাহু তুঙ্গনাথে, মুখ রুদ্রনাথে, নাভি মধ্যমহেশ্বরে এবং জটা কল্পেশ্বরে। এই পাঁচটি স্থানকে একত্রে 'পঞ্চকেদার' বলা হয়। পাণ্ডবরাই প্রথম এখানে একটি আদি মন্দির নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।


ঐতিহাসিক তথ্য ও গবেষকদের মতে, পাণ্ডব নির্মিত মন্দিরটি কালের নিয়মে জরাজীর্ণ হয়ে পড়েছিল। এরপর খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে (আনুমানিক ৭ম বা ৮ম শতক) ধর্মগুরু ও সমাজসংস্কারক আদি শঙ্করাচার্য কেদারনাথ সফর করেন। তিনি বর্তমানের এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন । মাত্র ৩২ বছর বয়সে এই কেদারনাথের ভূমিতেই আদি শঙ্করাচার্য সমাধি লাভ করেন, সেখানেই রয়েছে তাঁর সমাধিক্ষেত্র রয়েছে।

কেদারনাথ মন্দিরটির স্থাপত্যটিও যথেষ্ট বিস্ময়কর। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কীভাবে এত উঁচুতে ইন্টারলকিং পদ্ধতিতে এই ভারী পাথরগুলো জোড়া দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছিল, তা আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। গবেষণায় দেখা গেছে, ত্রয়োদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত, প্রায় চারশো বছর এই মন্দিরটি সম্পূর্ণ বরফের নিচে চাপা পড়েছিল। তা সত্ত্বেও এর মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। ২০১৩ সালের উত্তরাখণ্ডের ধ্বংসাত্মক হড়পা বানে যখন উত্তরাখণ্ডের একটা অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, তখনও মন্দিরের পেছনে অলৌকিকভাবে একটি বিশাল শিলা (যা এখন 'ভীম শিলা' নামে পরিচিত) এসে দাঁড়ায় এবং জলের তীব্র স্রোত থেকে মন্দিরটিকে রক্ষা করে। 


প্রাকৃতিক প্রতিকূলতা ও অতিরিক্ত তুষারপাতের কারণে কেদারনাথ মন্দিরটি বছরে মাত্র ছ-মাস (মে থেকে নভেম্বর) দর্শনের জন্য খোলা থাকে। শীতকালে যখন প্রবল তুষারপাত হয়, তখন ভগবান কেদারনাথের প্রতীকী বিগ্রহ, নিচে উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে এনে পুজো করা হয়। দুর্গম পথ এবং তীব্র ঠান্ডা সত্ত্বেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটক এখানে ছুটে আসেন শুধুমাত্র শান্তি এবং মহাদেবের আশীর্বাদ লাভার্থে। কেদারনাথ কেবল একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি ভারতীয় আধ্যাত্মিকতা, সহনশীলতা এবং ভক্তির এক চিরন্তন প্রতীক।

×
  • CTVN