Calcutta Television Network

হারিয়ে যাচ্ছে ছোট্ট বন্ধু চড়ুই!

হারিয়ে যাচ্ছে ছোট্ট বন্ধু চড়ুই!
19 September 2026 06:30:57 pm

ছোটবেলায় ভোরের আলো ফুটতেই চড়ুইয়ের কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙত । বাড়ির ভেন্টিলেটর, কার্নিশ কিংবা খড়খড়ির ফাঁকে বাসা বেঁধে মানুষের খুব কাছাকাছি থাকতে ভালোবাসতো এরা। কিন্তু আজ সেই কিচিরমিচির শহর তো বটেই, গ্রাম থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে । শুধু চড়ুই-ই নয়, বাবুই, টুনটুনি, শালিক, দোয়েলসহ আমাদের চির চেনা অনেক পাখিই আজ অস্তিত্বের সংকটে।

কেন হারিয়ে যাচ্ছে চড়ুইরা

ওদের হারিয়ে যাওয়ার পেছনে প্রাকৃতিক কারণের থেকে, আমাদের তৈরি কারণই দায়ী বেশি। 

বাসস্থানের অভাব: আধুনিক নগরায়নের ফলে পুরোনো দালানকোঠা ভেঙে কাচ এবং কংক্রিটের বহুতল ভবন তৈরি হচ্ছে বেশি করে। নতুন এসব বাড়ির দেওয়ালে চড়ুই বা অন্য পাখিদের বাসা বাঁধার মতো কোনো খড়খড়ি বা ভেন্টিলেটর থাকে না। ফলে স্বাভাবিক বাসস্থানের সংকুলানের ফলে অন্য জীব-জন্তুর হাতে আক্রান্ত হতে হচ্ছ ওদের। 

গাছপালার নিধন: নির্বিচারে গাছ কাটার ফলে পাখিরা তাদের প্রাকৃতিক আশ্রয় ও প্রজনন ক্ষেত্র হারাচ্ছে। বিশেষ করে বাবুই পাখির বাসা বাঁধার তাল বা সুপারি গাছ এখন আর চোখেই পড়ে না। বিশেষ করে খাদ্যসংকটের মত গুরুতর বিপর্যয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে একটা গোটা প্রজাতি। 

মোবাইল টাওয়ারের রেডিয়েশন: শহর ও গ্রামে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা মোবাইল টাওয়ারের ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচৌম্বক বিকিরণ পাখিদের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করছে। এর ফলে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে এবং তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়। শুধু তাই নয়, এই বিকিরণ চড়ুই সহ অনান্য পাখিদের মৃত্যুর বড় একটা কারণ।  

জলবায়ু পরিবর্তন: বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধির ফলে ঋতুচক্র বদলে যাচ্ছে, যা পাখিদের বংশবৃদ্ধি এবং বেঁচে থাকার অনুকূল পরিবেশকে ব্যাহত করছে। 

পরিবেশের ওপর এর প্রভাব: পাখি কেবল প্রকৃতির শোভা বাড়ায় না, তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চড়ুই এবং অন্যান্য পতঙ্গভুক পাখিরা ক্ষতিকর পোকা-মাকড় খেয়ে ফসলের সুরক্ষা করে। পাখি কমে যাওয়ার কারণে ফসলে পোকার আক্রমণ বাড়ছে, যার ফলে কৃষকরা আরও বেশি কীটনাশক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এছাড়া, পাখির মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার ঘটে এবং বীজ ছড়িয়ে পড়ে উদ্ভিদের সৃষ্টি হয়। 

আমাদের করণীয়: প্রকৃতির এই বন্ধুদের ফিরিয়ে আনতে এবং টিকিয়ে রাখতে আমাদের দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন

কৃত্রিম বাসা তৈরি: আমাদের বাড়ির বারান্দায়, ছাদে বা কার্নিশে মাটির হাঁড়ি বা কাঠের ছোট বাক্স ঝুলিয়ে পাখিদের জন্য নিরাপদ কৃত্রিম বাসস্থান তৈরি করে দেওয়া যেতে পারে। 

খাবার ও জলের ব্যবস্থা: প্রচণ্ড গরমে বা সারাবছরই  ছাদ বা বারান্দার এক কোণে পাত্রে কিছুটা জল এবং চাল-গম বা শস্যদানা রেখে দিলে পাখিরা তা খেয়ে যেতে পারে।

বৃক্ষরোপণ: বাড়ির আশেপাশে গাছ লাগাতে হবে, যা পাখিদের আশ্রয় ও খাবারের জোগান দেবে।

চড়ুই সহ অন্যান্য পাখির বিলুপ্তি কেবল একটি প্রজাতির বিলুপ্তি নয়, এটি আমাদের চারপাশের পরিবেশের বাস্তুতন্ত্রের উপরে সরাসরি প্রভাব ফেলে। প্রকৃতির প্রতিটি বস্তু একে অপরের ওপর নির্ভরশীল। পাখিদের বাঁচিয়ে রাখা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং পৃথিবীকে সুরক্ষিত রাখা। তাই আসুন, কংক্রিটের দেওয়ালের মাঝেও এসব পাখিদের জন্য সামান্য একটু জায়গা করে দেই, যাতে ভোরের চেনা সুরটা চিরতরে হারিয়ে না যায়।

×
  • CTVN