'বান্ধবী অষ্টমীতে পৌঁছে যাবো তোমার পাড়ায়', কিন্তু যদি বান্ধবী না থাকে বা বন্ধু মন তো খারাপ হবেই। আর কিছুদিন পরেই শুরু হবে বাঙালির আবেগের দুর্গাপূজা, নীল আকাশও জানান দিচ্ছে তাই। পূজা মানেই খাওয়া-দাওয়া, প্যান্ডেল হপিং, অঞ্জলি, শাড়ি-পাঞ্জাবি আর চুটিয়ে প্রেম। কিন্তু আপনি তো সিঙ্গেল! আচ্ছা আচ্ছা, আর দুঃখ করতে হবে না আপনাকে। পূজায় এবার আপনার প্রেম না হলেও জুটে যেতে পারে একজন সঙ্গী। তাই পূজাটা আর বন্ধ ঘরে বা একা একা কাটাতে হবে না। এবার সিঙ্গলদের জন্য আসছে দারুণ এক অ্যাপ। যেখানে আপনি বয়স ও পছন্দ অনুযায়ী পুজো পার্টনার খুঁজে নিতে পারবেন একটা ক্লিকে-ই।
ছবি: এআই
আসুন জেনে নেওয়া যাক কিভাবে খুঁজে পাবেন পার্টনার। অ্যাপের নাম ‘পুজো ডেট’। ডাউনলোড করার পর দিতে হবে নিজেদের নাম। এছাড়াও জানিয়ে দেবেন বয়স ও পুজোর কোন দিন ফাঁকা রয়েছেন সেটা, সাথে ছবি। অনেকটা বাম্বেল বা টিন্ডারের মত। এরপর জানাতে হবে আপনি কোন স্লটে ফাঁকা আছেন অর্থাৎ দিনের কোন সময় ও কতক্ষণের জন্য পুজো পার্টনার খুঁজছেন । এরপরই আপনার তথ্য পৌঁছে যাবে নির্দিষ্ট সম্ভাব্য সঙ্গীদের অ্যাপে, তা দেখে পছন্দ মতো বেছে নিতে পারবেন তাঁরা। এরপর ম্যাচ হলে থাকছে সরাসরি চ্যাটিংয়ের সুযোগ।
ব্যস! এবার কেল্লা ফতে। কথা বলে ঠিক করে নিন, কবে, কোথায় আর কখন আপনারা দেখা করে নেবেন। এই পুজোটা সিঙ্গেল হলেও আপনাকে একা কাটাতে হল না। আর যদি কপাল খুব ভালো থাকে, তো পূজার সঙ্গী টু লাইফ পার্টনার হতে আর কতক্ষণ লাগবে। আপনিও না হয় গেয়ে উঠবেন, 'পৃথিবীর সব প্রেমিক-ই কাজল চোখের মায়ায় হারায়', তাই তো? আর দেরি কেন? প্লে-স্টোর খুলে দেখুন, আর পূজার বেশি দেরি নেই কিন্তু।