অয়নের সাথে স্মিতার আলাপ ফেসবুকে। প্রথম কদিন চ্যাট, তারপর ফোন নাম্বার আদানপ্রদান, ডেটিং। প্রথম দেখাতেই অয়নকে মনে ধরে স্মিতার, ওর কথা-বার্তা, চাল-চলন বেশ সপ্রতিভ। অয়নেরও পছন্দ হয় স্মিতাকে। কিন্তু গোল পাকায় অন্য জায়গায়, দুজনেই বিবাহিত। তবে মানসিক বা শারীরিক দুই চাহিদাই অপূর্ণ ছিল ওদের দুজনের কাছেই। আর এই অপূর্ণতাই অয়ন-স্মিতাকে কাছাকাছি এনে দেয়। ওরাও সিদ্ধান্ত নেয়, যা হয় হোক, মুহূর্তটা নিয়েই বাঁচি।
'গো উইথ দ্য ফ্লো', আপাতত এই লাইন নিয়েই জীবনকে উপভোগ করতে চাইছে জেন-জি, জেন-আলফা বা কিছু মিলেনিয়ালরা। আর এই ডেটিংয়ের পোশাকি নাম ফ্রি-ফল ডেটিং (Free Fall Dating), চলতি সময়ে দমকা হওয়ার মতোই ট্রেন্ডে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে সিচুয়েশনশিপ, মেবিলেশনশিপ বা লাভ বম্বিং, সম্পর্কের নতুন ধারা ট্রেন্ডিংয়ে ছিল। সেই ডিকশনারিতে নতুন শব্দ যোগ হল ফ্রি-ফল ডেটিং। যার মানে করলে দাঁড়ায় শূন্যে ঝাঁপ দেওয়া, সম্পর্কে কোনো ভবিষৎ পরিকল্পনা বা প্রত্যাশা ছাড়া ক্ষণিকের প্রেম বা ভালোবাসায় নিজেদের ভাসিয়ে দেওয়া।
কেন এই রকম সম্পর্কে ঝুঁকছে এই জেনারেশন? মনোবিদদের একাংশের মতে, আজকালকার দিনে সম্পর্কে কমিটমেন্ট দিতে ভয় পায় বেশিরভাগ মানুষ। বহুদিন ধরে চলা একটা সম্পর্কে থাকে হাজার সমস্যা, থাকে দায়িত্ব। আর পারিপার্শ্বিক চাপে সম্পর্কে চলে আসে একঘেয়েমি। সেই সঙ্গে ব্রেকআপ হলে সেই মানসিক কষ্ট আলাদা। আর এই সমস্যার হাত থেকে রেহাই দেয় ফ্রি-ফল ডেটিং। আজকাল অনেকেই ক্যারিয়ার ওরিয়েন্টেড, এই কারণে সম্পর্কে যেতে ভয় পায় এই প্রজন্মের অর্ধেক। তাদের মতে সম্পর্ক তারপরে বিয়ে অনেক সময় বাঁধা হয়ে দাঁড়ায় কেরিয়ারে। লম্বা চলা প্রেম গুলোতে অনেক সময় সম্পর্কে দেখা যায় ফাটল। আর ভবিষ্যতের চিন্তা, বিয়ে, সন্তান পরিকল্পনা আরও নানা চাপে একটা সময় ফিকে হয়ে যায় প্রেমের মুহুর্ত। আর তখনই দু তরফেই শুরু হয় একটু খোলা হাওয়ার সন্ধান। ফ্রি-ফল ডেটিং অক্সিজেন হয়ে আসে সেই মুহূর্তে।
তবে ফ্রি-ফল ডেটিং কেবল একটি সাময়িক ট্রেণ্ড নয়, এটি বর্তমানে একাকীত্ব দূর করার একটা উপায়ও বটে। এই জেনারেশনের সাহসী পদক্ষেপটি ডেটিংয়ের দুনিয়ায় এক নতুন বিপ্লব এনেছে। জীবনের একঘেয়েমি কাটাতে এবং নতুন কোনো মানুষের গল্প জানতে এই ট্রেন্ডে গা ভাসানোই যায়। তবে অনেকের মতে এই সম্পর্ক অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ দেখা যায় সম্পর্কে থাকা দুটি মানুষের মধ্যে একজনের আবেগ বা ভালোবাসা অন্যের কাছে ফের বদ্ধ লাগতে পারে। তাই একমাত্র দুজন মানুষই শুধুমাত্র সময় ও প্রেমকে উপভোগ করতে চাইলেই এই ধরনের সম্পর্কে যাওয়া উচিত।