Calcutta Television Network

উর্দুতে মন্ত্রপাঠ! পাকভূমিতে কেমন হয় দেবীর আরাধনা?

উর্দুতে মন্ত্রপাঠ! পাকভূমিতে কেমন হয় দেবীর আরাধনা?
17 October 2026 05:24:32 pm

পাকিস্তানে দুর্গাপূজা! বিষয়টা অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কিন্তু খোদ করাচিতেই একটি মন্দিরে প্রতিবছর নবরাত্রি ও দশেরা উপলক্ষ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। করাচির এম এ জিন্নাহ রোডে অবস্থিত  শ্রী স্বামীনারায়ণ মন্দিরেই অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। এছাড়াও এই মন্দিরে সারা বছরই পূজা-পার্বণ হয়ে থাকে।  শত বছরের পুরনো এই মন্দিরে নবরাত্রি ও দুর্গাপূজা আয়োজন করা হয়। সিন্ধুর থারপার্কার জেলার নাঙ্গারপার্কারে অবস্থিত ঐতিহাসিক চুরিও জাবাল দুর্গা মাতা মন্দিরেও নবরাত্রির সময়ে প্রচুর ভক্তের সমাগম ঘটে। 


দেশটিতে হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু হলেও, করাচি ও সিন্ধু প্রদেশের আশেপাশে হিন্দুদের সংখ্যা তুলনামূলক বেশি। মজার কথা যে বই দেখে মন্ত্রপাঠ করা হয়ে থাকে তা লেখা হয় উর্দুতে। কারণ পাকিস্তানের অনেক হিন্দু ধর্মাবলম্বী, যারা বংশপরম্পরায় পাকিস্তানেই রয়েছেন তাদের কেউই  সংস্কৃত বা হিন্দি পড়তে পারেননা। তাদের সুবিধার্থেই ধর্মীয় শ্লোক, মন্ত্র এবং আরতি উর্দু লিপিতে লেখা হয়।  তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দুর্গাপূজার দিনগুলোতে কোনো  ছুটি থাকে না, বরং এটি একটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য করা হয়। হিন্দু সম্প্রদায়ের সরকারি বা বেসরকারি কর্মচারীরা চাইলে এই উৎসব উপলক্ষে ছুটি নিতে পারেন। 


উৎসবের দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মন্দিরগুলোর চারপাশে কঠোর নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। তবে দেশভাগের পর থেকেই নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যেও পাকিস্তানের হিন্দু সমাজ তাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এভাবেই টিকিয়ে রেখেছে। তাই প্রতিবছরই সাম্প্রদায়িকতাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকপ্রদেশে দেবীর আরাধনা করা হয়। 

×
  • CTVN