Calcutta Television Network

গলি থেকে রেস্তোরাঁ—ভারতে হু হু করে জনপ্রিয় ৫ তিব্বতি খাবার

গলি থেকে রেস্তোরাঁ—ভারতে হু হু করে জনপ্রিয় ৫ তিব্বতি খাবার
1 September 2026 04:34:33 pm

ভারতীয় খাবারের জগৎ নানা স্বাদ ও সংস্কৃতির মেলবন্ধনে সমৃদ্ধ। দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব রান্নার পাশাপাশি সময়ের কালচক্রে অন্য দেশের খাবারও স্থান পেয়েছে ভারতীয়দের রান্নাঘরে, পাতে ও প্রিয়তর হৃদয় গহীনে। চিন, ইউরোপের পাশাপাশি তিব্বতের বেশ কিছু পদও এখন এ দেশের খাদ্যপ্রেমীদের কাছে সুপরিচিত ও সুগৃহীত। রাস্তার ক্ষুদ্র দোকান থেকে শুরু করে নামজাদা রেস্তোরাঁ, সর্বত্রই মিলছে এইসব খাদ্যাদি।

মোমো

তিব্বতি খাবারের মধ্যে ভারতে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় নাম সম্ভবত মোমো। ময়দার তৈরি আবরণের মধ্যে মাংসের পুর কিংবা সবজি ভরপুর, ভাপে রান্না করা হয় এটি। বিভিন্ন আকার ও বিচিত্র স্বাদের মোমো পাওয়া যায়। ঘাম ঝড়ানো ঝাল সস বা গরম স্যুপের সঙ্গে এই খাবার খেতে পছন্দ করেন অনেকেই।


থুকপা

পার্বত্য অঞ্চলের জনপ্রিয় এই খাবারটি মূলত নুডলস ও স্যুপের সংমিশ্রণ। গরম ঝোলের মধ্যে নুডলস্, বিবিধ সবজি এবং কখনো বা মাংস দিয়ে থুকপা তৈরি হয়। ঠান্ডা বা বৃষ্টির দিনে এক বাটি গরম থুকপা অনেকের কাছেই বেশ আরামদায়ক খাবার। তিব্বতি রান্নার প্রভাবেই এই পদ ভারতের পাহাড়ি এলাকাগুলিতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

টিংমো

ভাপে তৈরি এক ধরনের নরম ব্রেড হল টিংমো। সাধারণ পাউরুটির মতো হলেও দেখতে খানিকটা প্যাঁচানো। কোনো কোনো ক্ষেত্রে ফুলের মতোও হয়। সাধারণত এতে কোনও পুর দেওয়া হয় না। ঝাল মাংসের পদ, সবজির তরকারি বা ডালের সঙ্গে টিংমো পরিবেশিত হয়।

শাপতা

মাংস যাঁরা ভালোবাসেন, তাঁদের কাছে শাপতা একটি আকর্ষণীয় তিব্বতি পদ। পাতলা করে কাটা মাংসের সঙ্গে রসুন, আদা, পেঁয়াজ ও কাঁচামরিচ মিশিয়ে উঁচু আঁচে রান্না করা হয় এটি। ভাত কিংবা টিংমোর সঙ্গে শাপতার স্বাদ বেশ ভালোই লাগে খাদ্যরসিকদের।


লাপিং

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন জায়গায় লাপিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এটি মূলত মুগ ডাল বা স্টার্চ দিয়ে তৈরি এক ধরনের ঠান্ডা খাবার। এর সঙ্গে রান্নার সময় মিশ্রিত হয় সয়া কিমা, রসুন, সিচুয়ান পেপার এবং ঝাল চিলি অয়েল। মশলাদার এই খাবারটি স্ট্রিট ফুডপ্রেমীদের মধ্যে বিশেষ পরিচিত হয়ে উঠেছে।

তিব্বতি রান্নার এই পদগুলি এখন আর শুধু পাহাড়ি এলাকার মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারতের বিভিন্ন শহরেই সহজলভ্য। নতুন স্বাদের খোঁজে থাকা খাদ্যরসিকদের কাছে তাই মোমো, থুকপা থেকে লাপিং; তিব্বতি খাবারের দীর্ঘ তালিকা ক্রমেই আরও জনপ্রিয় হয়ে উঠছে।

×
  • CTVN