Calcutta Television Network

পুষ্পক রথ কি বিশ্বের প্রথম উড়োজাহাজ?

পুষ্পক রথ কি বিশ্বের প্রথম উড়োজাহাজ?
11 September 2026 06:29:45 pm

পৌরাণিক আখ্যান ও আধুনিক কল্পবিজ্ঞানের দৃষ্টিকোণে এই প্রশ্নটি যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত, পুষ্পক রথকে অনেকেই মানব ইতিহাসের প্রথম বিমান বা আকাশযান বলে দাবি করেন। তবে পৌরাণিক বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞান, এই দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই দাবির সত্যতা বিশ্লেষণ করা প্রয়োজন। রামায়ণ অনুসারে, পুষ্পক রথের নির্মাতা ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। ব্রহ্মার কাছ থেকে উপহার হিসেবে এটি পেয়েছিলেন কুবের দেব । পরবর্তীতে লঙ্কার রাজা রাবণ, কুবেরকে যুদ্ধে পরাজিত করে পুষ্পক রথ লঙ্কায় নিয়ে যান। দেবী সীতাকে উদ্ধারের পর, শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং বানর সেনাদলসহ এই রথে চড়েই লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এসেছিলেন। রামায়ণে, এই রথের বর্ণনায় বলা হয়েছে, এটি মনের গতিতে চলতে পারত এবং এর আকার ইচ্ছানুযায়ী ছোট বা বড় করা যেত। যাত্রীসংখ্যা যতই হোক না কেন, সবসময় একটি আসন খালি থাকত। পুষ্পক রথ, চালকের মানসিক নির্দেশ অনুযায়ী দিক পরিবর্তন করত। মজার বিষয় এই রথটি শুধু তাঁর কথাই মেনে চলত, যিনি এটি চালানোর জন্য ওই বিশেষ 'বিমান-সঞ্চালন' মন্ত্রে সিদ্ধ ছিলেন!


পুষ্পক রথকে বিশ্বের প্রথম উড়োজাহাজ বলার পেছনে মূল যুক্তিটি আসে প্রাচীন ভারতের বৈমানিক জ্ঞান থেকে। বিংশ শতাব্দীর শুরুতে পন্ডিত সুব্বরায়া শাস্ত্রীর হাত ধরে ‘বৈমানিক শাস্ত্র’ নামক একটি গ্রন্থ সামনে আসে, যা মহর্ষি ভরদ্বাজের দ্বারা রচিত। এই গ্রন্থে প্রাচীন ভারতের বিমান নির্মাণ, চালনা এবং বিভিন্ন ধরনের জ্বালানির উল্লেখ রয়েছে। কিছু গবেষকদের দাবি পুষ্পক রথ কোনো রূপকথা নয়, বরং এটি ছিল প্রাচীন ভারতের উন্নত প্রযুক্তির একটি নিদর্শন। তাদের আরও দাবি, আধুনিক রাইট ভ্রাতৃদ্বয়ের ১৯০৩ সালে বিমান আবিষ্কারের বহু আগেই, ভারতে উড়োজাহাজের ধারণা ও প্রযুক্তি বিদ্যমান ছিল। তবে আধুনিক বিজ্ঞান এবং ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। কল্পবিজ্ঞানও পুষ্পক রথকে একটি চমৎকার রূপক বা  পৌরাণিক কাহিনী হিসেবেই দেখা হয়েছে। বিজ্ঞানীদের মতে, যেকোনো উড়ন্ত যান তৈরির জন্য অ্যারোডাইনামিকস, ধাতুবিদ্যা এবং শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয়, যার কোনো বাস্তব ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ সেই যুগে পাওয়া যায় না। ১৯৭৪ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc)-এর গবেষকরা ‘বৈমানিক শাস্ত্র’ গ্রন্থটি নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ গবেষণা চালান। তারা সিদ্ধান্তে আসেন যে, গ্রন্থে বর্ণিত বিমানগুলোর নকশা বৈজ্ঞানিক নিয়মে ওড়ার অনুপযোগী এবং এতে ব্যবহৃত প্রযুক্তির বিবরণ কাল্পনিক। 


তাহলে পুষ্পক রথকে কি আমরা প্রথম উড়োজাহাজ বলব? এর উত্তর নির্ভর করে আমরা ইতিহাসকে কীভাবে দেখছি তার ওপর। যদি আমরা মানুষের কল্পনাশক্তি এবং এভিয়েশনের ভাবনার কথা বলি, তবে পুষ্পক রথ অবশ্যই মানব সভ্যতার ইতিহাসের প্রথম আকাশযানের ব্লুপ্রিন্ট। হাজার হাজার বছর আগে যখন মানুষ মাটিতে হেঁটে বেড়াত, তখন আকাশে ওড়ার এমন নিখুঁত কল্পনা করাও এক বিরাট বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু যদি বৈজ্ঞানিক প্রমাণের কথা বলা হয়, তবে আধুনিক বিমানের কৃতিত্ব রাইট ভাইদেরই দিতে হবে। পরিশেষে বলা যায়, পুষ্পক রথ বিশ্বের প্রথম বাস্তব উড়োজাহাজ ছিল কিনা তা হয়তো বিজ্ঞান দিয়ে প্রমাণিত নয়, তবে এটি প্রমাণ করে যে প্রাচীন ভারতীয়দের চিন্তাভাবনা এবং কল্পনাশক্তি ছিল অত্যন্ত আধুনিক ও সুদূরপ্রসারী। এটি বিজ্ঞানের পাতায় স্থান না পেলেও, গল্প কথায় সভ্ভতার প্রথম বিমান এবং অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হয়ে থাকবে।

×
  • CTVN