Calcutta Television Network

'মালটাকে গাড়িতে তোল', 'ক্রূর' সৌমিত্রের অজানা জীবন!

'মালটাকে গাড়িতে তোল', 'ক্রূর' সৌমিত্রের অজানা জীবন!
18 September 2026 01:50:45 pm

'পাপপুণ্য' সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ, 'মালটাকে গাড়িতে তোল' শুনলেই নির্দিষ্ট একজনেরই মুখটা ভেসে ওঠে। তিনি সৌমিত্র ব্যানার্জী, একসময়কার বাংলা কমার্শিয়াল সিনেমার রুপোলী পর্দায় যার ক্রূর হাসি আর দুর্দান্ত সংলাপ দর্শকের মনে ভয় জাগাতো। আশি ও নব্বইয়ের দশকে টলিউডের অন্যতম শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ১৯৫৪ সালে হুগলি জেলার পান্ডুয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিল্পানুরাগী এবং তিনি নিজেও খুব ভালো গান গাইতে পারতেন।


১৯৬৪ সালে মাত্র ১০ বছর বয়সে ‘সুভা ও দেবতার গ্রাস’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু হয়। দীর্ঘ বিরতির পর, ১৯৮২ সালে গৌতম মুখোপাধ্যায় পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ত্রয়ী’-তে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের সাথে মুখ্য চরিত্রে অভিনয় করে  তিনি পুনরায় আলোচনায় আসেন। ছবিটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। নায়ক হওয়ার ইচ্ছে থাকলেও টলিউড তাঁকে খলনায়ক হিসেবেই আপন করে নেয় । প্রায় দেড়শোরও বেশি চলচ্চিত্রে তিনি খলচরিত্রে অভিনয় করেছেন । ‘গুরুদক্ষিণা’, ‘ইন্দ্রজিৎ’, ‘ভয়’, ‘বদনাম’ এবং ‘পাপ পুণ্য’র মতো বহু জনপ্রিয় সিনেমায় তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটে যায়। পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিত চক্রবর্তীর মতো জনপ্রিয় নায়কদের বিরুদ্ধে তাঁর খলনায়কোচিত দাপট ছিল দেখার মতো। বিশেষ করে তাঁর মুখে ‘মালটাকে গাড়িতে তোল’ সংলাপটি সেই সময়ে মুখে মুখে ঘুরত। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার যুগে এই কথাটি মিম-এ পরিণত হয়। 


পর্দায় যে মানুষটি ছিল চরম নিষ্ঠুর, বাস্তব জীবনে তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল এবং সুরপ্রিয় একজন মানুষ । তবে তাঁর ব্যক্তিগত জীবন সুখের ছিল না। অভিনেত্রী রীতা কয়রালের সঙ্গে তাঁর বিয়ে হলেও অতিরিক্ত মদ্যপান এবং পারিবারিক কলহের জেরে দ্রুত তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে । নায়ক হিসেবে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারার হতাশা এবং ব্যক্তিগত জীবনের জটিলতা তাঁকে আস্তে আস্তে মানসিক রুগীতে পরিণত করে। জীবনের শেষ দিনগুলোতে তীব্র আর্থিক অনটন এবং একাকীত্ব সঙ্গী হয়েছিল এই  অভিনেতার। অতিরিক্ত মদ্যপানজনিত অসুস্থতার কারণে ২০০০ সালের ৮ জানুয়ারি মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হন সৌমিত্র ব্যানার্জী। তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র ছিল ‘খেলার ঘর’,  অল্প বয়সেই টলিউডের এই প্রতিভাবান খলনায়ক বিদায় নিলেন। বাংলা সিনেমার ইতিহাসে খল চরিত্রের আলোচনা উঠলেই সৌমিত্র ব্যানার্জী-র নাম বারবার উঠে আসবে। 

×
  • CTVN