বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণ বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক এবং সামাজিক উদারতা। বাংলার ধর্মচেতনার দুটি প্রধান ধারা, একটি শাক্ত, অন্যটি বৈষ্ণব। আপাতদৃষ্টিতে এই দুই ধারার দর্শন সম্পূর্ণ বিপরীতমুখী মনে হতে পারে। একদিকে শাক্ত সাধনায় মা কালী রুদ্ররূপী, যেখানে শক্তির আরাধনায় বলিদান এবং কারণবারির ব্যবহার প্রচলিত, অন্যদিকে বৈষ্ণব ধর্মে শ্রীকৃষ্ণ প্রেম ও অহিংসার প্রতীক, যেখানে নিরামিষ আহার এবং হরিনাম সংকীর্তনই মূল। কিন্তু বাংলার লোকায়ত সংস্কৃতিতে এই দুই বিপরীত ধারা যেভাবে এক সুতোয় বাঁধা পড়েছে, তার অন্যতম সেরা উদাহরণ হলো এই বহুপ্রচলিত প্রবাদ, "মা কালী মাংস খাবে, কৃষ্ণ বাজাবে বাঁশি।" এই বাক্যটি কেবল একটি সাধারণ উক্তি নয়, এটি আসলে বাংলার ধর্মীয় সহনশীলতা ও সমন্বয়বাদী সংস্কৃতির চিত্র।
শাক্ত ধর্মে মা কালীকে বিশ্বব্রহ্মাণ্ডের আদি শক্তি হিসেবে কল্পনা করা হয়। তিনি কালরূপী, সংহারকর্ত্রী আবার তিনিই করুণাময়ী মাতা। প্রাচীন প্রথা অনুযায়ী, মায়ের পুজোয় আসুরিক শক্তি দমনের প্রতীক হিসেবে পশুবলি এবং মাংস নিবেদনের চল রয়েছে। সেখানে ভক্তি প্রকাশ পায় তীব্রতা ও ত্যাগের মধ্য দিয়ে। অপরদিকে, বৈষ্ণব দর্শনে শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ, যিনি ব্রজের বনে বাঁশি বাজিয়ে বিশ্বচরাচরকে প্রেমের ডোরে বাঁধেন। তাঁর পুজোয় অহিংসা পরম ধর্ম। সেখানে পঞ্চামৃত, মাখন আর তুলসী পাতার আধিক্য। তাহলে এই দুই বিপরীত মেরু এক হলো কীভাবে? এর উত্তর লুকিয়ে আছে বাংলার বাউল, ফকীরদের সহজিয়া দর্শনে। বাংলার সাধকেরা ঈশ্বরকে কখনই কোনও গতে বাঁধা পন্থায় আবদ্ধ রাখেননি । তাঁরা বুঝেছিলেন, যিনিই চণ্ডী, তিনিই হরি। রূপের তফাত থাকতে পারে, কিন্তু পরম সত্য এক। সেই একটি রামপ্রসাদির দু-কলি মনে পড়ে গেল, 'এক ব্রম্হ দ্বিধা ভেদে, মন আমার হয়েছে পাজি।'
বাংলার বহু প্রাচীন কালীপুজোয় আজও ছাগবলি ও মাংসের ভোগ দেওয়া বাধ্যতামূলক। আবার ঠিক তার পরদিনই হয়তো সেই গ্রামেই রাধাকৃষ্ণের রাস উৎসব বা নামসংকীর্তনের আসর বসে। গ্রামীণ মানুষের কাছে এই দুই উৎসবের মধ্যে কোনো বিরোধ নেই। তারা মায়ের ভোগে মাংসও খায়, আবার কৃষ্ণের বাঁশির সুরে চোখ দিয়ে ভক্তির জলও ফেলে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর সাধনায় এই সমন্বয়কে সবচেয়ে সহজভাবে তুলে ধরেছিলেন। তিনি বলতেন, "যিনিই কালী, তিনিই কৃষ্ণ।" রামপ্রসাদ বা কমলাকান্তের মত শাক্ত পদাবলিকারদের গানেও বারবার শাক্ত ও বৈষ্ণব ভাবের মিলন ঘটেছে। কবি গেয়েছেন, "কালী হলি মা রাসবিহারী, নটবর বেশে বৃন্দাবনে।" কৃষ্ণের হাতের বাঁশিই কখনও কখনও প্রয়োজনে কালীর খড়্গ হয়ে সংহার রূপ ধারণ করে l
"মা-কালী মাংস খাবে, কৃষ্ণ বাজাবে বাঁশি", আমাদের শেখায় যে জীবন কেবল একমুখী নয়। জীবনে যেমন কালীর মতো রুদ্র রূপ, সংহার এবং কঠিন বাস্তব রয়েছে, তেমনই কৃষ্ণের মতো আনন্দ, প্রেম আর সুরের মাধুর্যও সমান সত্য। বাংলার এই লোক-দর্শন চরম সত্যকে বর্জন না করে, বরং বৈচিত্র্যের মধ্যে একতা খোঁজার চেষ্টা করেছে। আধুনিক সমাজে যখন ধর্মের নামে বিভেদ বাড়ছে, তখন বাংলার এই প্রাচীন লৌকিক ও সমন্বয়ী সংস্কৃতি আমাদের পরম সহিষ্ণুতা এবং উদারতার পথ দেখায়। শাক্তের শক্তি আর বৈষ্ণবের প্রেম, এই দুই মিলেমিশেই তৈরি হয়েছে বাঙালির নিজস্ব উদার সংস্কৃতি, যেখানে শুধু স্ব-ধর্মীরাই নয়, স্থান পায় সব্বাই।