অভিনেতা সৌরভ দাস এবং যীশু সেনগুপ্ত যৌথভাবে জীবনের অন্যতম এক অধ্যায় শুরু করেছেন। এখনও এক বছর হয়নি তারকা যুগল নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছে। প্রযোজনা সংস্থার নাম এখন প্রায় অনেকেরই জানা। এই দুই তারকার মধ্যে যীশু প্রযোজনায় হাতেখড়ি করেছে অনেক আগেই। একটা সময় ছোটপর্দার একাধিক সিরিয়ালের প্রযোজনার দায়িত্ব সামলেছেন তিনি। তবে, এবার আর ছোটপর্দা নয়, সরাসরি বড়পর্দায় ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’কে নিয়ে আসতে চলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই সিনেমাতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, গত বছরে পয়লা বৈশাখে নতুন প্রযোজনা সংস্থার কথা প্রকাশ্যে এনেছিলেন যীশু। ইতিমধ্যেই, আসন্ন এই সিনেমার শুভ মহরৎ হয়ে গেছে। 'হোয়াই সো সিরিয়াস' প্রযোজনা সংস্থার আগামী সিনেমার নাম 'অভিমান'। মহরৎ-এর কিছু ফটো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতেই আলোচনা শুরু হয়ে দর্শক মহলে। সিনে প্রেমীরা নতুন প্রযোজনা সংস্থার ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিন মহরৎ-এর পুজোতে উপস্থিত ছিল টলিউডের একাংশ, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং আরও অনেকে।
এই ছবিতে প্রসেনজিৎ কিংবা শুভশ্রী ছাড়াও দেখতে পাওয়া যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রিয়া কারফা এবং আরও অনেককে। আগে থেকে বলে রাখা ভালো, আসন্ন সিনেমার পরিচালনার দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। এই ছবিতে প্রসেনজিৎয়ের চরিত্রের নাম ‘ঋষি চ্যাটার্জি’। অন্যদিকে, আবার যিশু সেনগুপ্তর চরিত্রের নাম ‘আকাশ চ্যাটার্জি’। অভিনেতাকে এখানে গায়কের ভূমিকায় দেখা যাবে। জানা যাচ্ছে, জীবনের নানা ঘাত-প্রতিঘাত ও ত্রিকোণ প্রেম নিয়েই নাকি তৈরি হবে এই ছবি।