দেখতে দেখতে আজ নিয়ে দু'দিন হয়ে গেল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়-রশ্মিকা। ইতিমধ্যেই, তারকা জুটির বিয়ের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এমনকি, তাঁদের বিয়ের সাজপোশাক থেকে শুরু করে নিয়মরীতি, সবকিছু নিয়েই চলছে জোর আলোচনা। সমাজ মাধ্যম খুললেই একবার না একবার নবদম্পতির ছবি প্রায় সকলেরই 'ফিড'-এ আসতে দেখা যাচ্ছে। উদয়পুরে বিয়ে সারার পর অবশেষে চলতি সপ্তাহের শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে ধরা দিলেন তাঁরা। পাপ্পারাজিদের দিকে ছুঁড়ে দিলেন 'ফ্লাইং কিস'। এরই সঙ্গে উপস্থিত থাকা ছবিশিকারীদের করজোরে গ্রহণ করলেন অভিবাদন।
দু’জনের শরীরী ভাষায় ছিল নতুন বিয়ের ছোঁয়া। জানা যাচ্ছে, দু'জনে দক্ষিণ ভারতীয় হওয়া সত্ত্বেও দুই রকমের রীতিতে তাঁদের বিয়ে হয়েছে। প্রথমে তাঁরা তেলেগু মতে বিয়ে সারেন। তারপর, যুগলের দ্বিতীয়বার বিয়ে হয় কোডাভা অর্থাৎ কর্ণাটকের রীতিতে। জানা যাচ্ছে, বিয়ে হওয়ার তিন আগে তাঁরা রিসর্টে পৌঁছে যান। গায়ে হলুদ থেকে সঙ্গীত ও বিয়ের নানা অনুষ্ঠান সম্পন্ন হয় সেখানেই। এমনকি, সঙ্গীতে নাকি ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গান ‘আঙ্গারো’তে পারফর্মও করেছেন রশ্মিকা।
একেবারে দক্ষিণ ভারতীয় রীতিতে তাঁদের বিয়ে হয়েছে আর খাবারের মেনুতে সাউথের ছাপ থাকবে না তা কীকরে হয়? খাবার মেনুর প্রথমেই খাবার তালিকায় ওয়েলকাম ড্রিংক হিসাবে ছিল নারকেল জল। এছাড়াও ভুড়িভোজে ছিল কর্নাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সুস্বাদু খাবার। দম বিরিয়ানি, মুরগির মাংস থেকে শুরু করে নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু সব ধরনের খাবারের ব্যবস্থা ছিল। তারকাযুগলের বিয়েতে বিশেষ আমন্ত্রিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।