অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বিজয় এবং রশ্মিকা। ইতিমধ্যেই, এই তারকা যুগলের ফটো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। বিগত কিছু মাস ধরে চলতে থাকা গুঞ্জনের এমন মধুর অবসান দেখতে কার না ভালো লাগে। চলতি সপ্তাহের বৃহস্পতিবারে উদয়পুরে নবদম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে, দুটি ভিন্ন মতে তাঁদের বিয়ে হয়েছে। প্রসঙ্গত, তারকাদের বিয়ে বলে কথা, সেখানে এলাহি আয়োজন থাকবে না তা কি কখনও হতে পারে? খাওয়াদাওয়া থেকে শুরু করে সাজপোশাক, সবকিছুতেই রয়েছে বিশেষ ছোঁয়া। এই সূত্র ধরে বলা ভালো, এই তারকা যুগলের বিয়ের খরচ নাকি বিরাট কোহলি ও অনুষ্কার শর্মার বিয়ের খরচের কাছাকাছি।
রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল রিসোর্টে বিয়ে হয়েছে তাদের। সেই রিসোর্ট থেকে নাকি আবার দেখা যায় সুপ্রাচীন আরাবলি পর্বত। খোঁজ নিয়ে জানা গেছে, এই রিসোর্টে রয়েছে ১১৭টি বিলাসবহুল ঘর। তারই মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভিলা এবং সুইট। এই বিলাসপুর রিসোর্টের এক রাতে থাকার খরচ ২০ থেকে ৫০ হাজার টাকা। আবার, ভিলাতে থাকলে তার খরচ আবার অনেকটাই বেশি। তাই, বিজয় এবং রশ্মিকার মোট বিয়ের খরচ অনুমান করলে বেশ একটা মোটা অঙ্কের টাকাই হবে। সূত্রে খবর এখন পর্যন্ত সব মিলিয়ে তাদের বিয়েতে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
এদিকে, আবার ২০১৭সালে ইতালিতে বিয়ে করেন বিরাট এবং অনুষ্কা। আধুনিক যুগে এটাকে ডেস্টিনেশন ওয়েটিং ও বলে থাকে। অনেকেই মনে করেন বিরাট এবং অনুষ্কার সময় থেকেই দূরস্থানে গিয়ে বিয়ে করার চল শুরু হয়। সেই সময় দাঁড়িয়ে নাকি 'বিরুষ্কা'র বিয়েতে সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা। বিদেশে তাঁদের বিয়ের আসর বসেছিল ৮০০ বছরের পুরনো এক গ্রামে। এদিকে বিজয়-রশ্মিকার বিয়েতেও সব মিলিয়ে খরচ প্রায় পঞ্চাশ কোটি টাকা ছুঁয়ে ফেলবে বলে অনেকেই মনে করছেন। এরই সঙ্গে পাল্লা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে খরচ হয়েছিল ৭৫ কোটি টাকারও বেশি। এখনও বাকি রয়েছে নবদম্পতির প্রীতিভোজের আসর।