চাকরি খুঁজছেন কিন্তু উচ্চশিক্ষার অভাবে সুযোগ পাচ্ছেন না? এবার সেই চিন্তা অনেকটাই কমাতে পারে Life Insurance Corporation of India-এর একটি বিশেষ উদ্যোগ। মাত্র মাধ্যমিক বা ১০ম শ্রেণি পাশ হলেই এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ মিলছে। প্রশিক্ষণের সময়েই মাসে প্রায় ৭০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ রয়েছে।
এই প্রকল্পের নাম বিমা সখী (Bima Sakhi) যোজনা। মূলত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এর প্রধান লক্ষ্য। এই উদ্যোগে নির্বাচিত প্রার্থীদের বিমা পরিষেবা, পলিসি বিক্রি এবং গ্রাহক পরিষেবা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁরা অনুমোদিত LIC বিমা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন এবং কমিশনের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি আয় করার সুযোগ পান।
কত টাকা স্টাইপেন্ড মিলবে?
এই প্রকল্পে তিন বছর পর্যন্ত ধাপে ধাপে স্টাইপেন্ড দেওয়া হয়- প্রথম বছর: মাসে প্রায় ৭০০০ টাকা, দ্বিতীয় বছর: মাসে প্রায় ৬০০০ টাকা, তৃতীয় বছর: মাসে প্রায় ৫০০০ টাকা। তবে এই স্টাইপেন্ড পাওয়ার জন্য নির্দিষ্ট কাজের লক্ষ্য পূরণ করতে হয়। যেমন- নির্দিষ্ট সংখ্যক বিমা পলিসি বিক্রি করা এবং সেগুলি সক্রিয় রাখা।
কারা আবেদন করতে পারবেন? এই স্কিমে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে- আবেদনকারীকে মহিলা হতে হবে, বয়স সাধারণত ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা ১০ম পাশ হতে হবে, স্থানীয় এলাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
কী কী নথি লাগবে? আবেদনের সময় সাধারণত বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
এবার বলি, কী ভাবে আবেদন করবেন! আগ্রহী প্রার্থীদের প্রথমে Life Insurance Corporation of India-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Bima Sakhi প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নথি যাচাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
কম শিক্ষাগত যোগ্যতা থাকলেও যারা নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের জন্য এই প্রকল্প বড় সুযোগ হয়ে উঠতে পারে। প্রশিক্ষণ, স্টাইপেন্ড এবং কমিশনের মাধ্যমে ভবিষ্যতে আয়ের সুযোগ-সব মিলিয়ে বহু মহিলার জন্য এটি নতুন কর্মসংস্থানের দরজা খুলে দিতে পারে।