উচ্চ বেতনের চাকরির খোঁজে থাকা প্রযুক্তি পেশাদারদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুর (Indian Institute of Technology Kharagpur)। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই স্বনামধন্য প্রতিষ্ঠান। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশনে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পদে নিয়োগ করা হবে। এটি পূর্ণ সময়ের দায়িত্বপূর্ণ পদ, যেখানে নিযুক্ত ব্যক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, সাইবার-ফিজিক্যাল সিস্টেমস এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে যুক্ত প্রকল্পে কাজ করতে হবে।
এই পদে প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে কর্মদক্ষতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল- এই পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লক্ষ টাকা, যা প্রযুক্তি ক্ষেত্রের পেশাদারদের জন্য অত্যন্ত লোভনীয়।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি, এমটেক, এমএস বা বিটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম ২ বছর থেকে সর্বাধিক ১০ বছর পর্যন্ত পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।