এই বর্ষায় কোরাপুটের বোন্ডা জাতির দেশে আপনার জন্য অপেক্ষা করছে এক নির্মল আনন্দ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের ওপর ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বোন্ডাদের গ্রাম। সেখানে ডুডুমা জলপ্রপাত মেঘ গর্জনের মত প্রবল , গম্ভীর। দিনরাত এই জলপ্রপাত ঘিরে থাকে কুয়াশা। এ কুয়াশা শীতের কুয়াশা নয়। জলপ্রপাতের জল উঁচু পর্বত থেকে আছড়ে পড়ে কুয়াশার সৃষ্টি করে। ওড়িশার প্রত্যন্ত গ্রামে অবস্থিত ডুডুমা জলপ্রপাত। এই জলপ্রপাত কোরাপুট শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
ডুডুমা পর্যন্ত পথ বড় মায়াবি। প্রকৃতির চোখে যেন সবুজ কাজল। এখানে দুটি জলপ্রপাতের একটিকে বলা হয় বড় ডুডুমা অপরটি ছোট ডুডুমা। কোরাপুট থেকে ৪৫ কিলোমিটার দূরে নন্দপুর গ্রাম। সবুজ পাহাড়ের বুক চিড়ে লালমাটির রাস্তা। ছোট ডুডুমাকে রানি ডুডুমাও বলা হয় এখানে যেতে হলে পেরোতে হবে কিছু সিঁড়ি ও পাহাড়ি পথ। কোলাব ড্যাম পেরিয়ে কিছু দূর এগোলেই বড় ডুডুমা। আপনার গাড়ি এই জলপ্রপাতের বেশ কিছুটা দূরে দাঁড়াবে। সেখান থেকেই আপনি শুনতে পারবেন এর গর্জন। কিছুটা এগোলে এক পথের বাঁকে ধরা দেবে ডুডুমার রূপ। কালো পাহাড়ে সাদা ফেনিল জলরাশি যেন রাধা-কৃষ্ণের অবিচ্ছেদ্য রূপ। দূর থেকে দেখে যদি আঁশ না মেটে, তাহলে পাশের সিড়ি দিয়ে নেমে যেতে পারেন ডুডুমার কাছে। ছুঁতে পারেন জল।
এখানে আসার পথে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১৪ মিটার উচ্চতায় রয়েছে একটি বাঁধ আপার আর লোয়ার ড্যাম মিলে কোলাব ড্যাম। মাঝে ছোট ছোট দ্বীপের মত তৈরি হয়ে গিয়েছে। বর্ষার বৃষ্টিতে গাছের পাতা সবুজ। আকাশে রামধনু। এ এক অপরূপ দৃশ্য। পূর্বঘাটের কোলে ওড়িশার কোরাপুট। ট্রেন থেকে নেমে প্রথমেই দর্শন করে নেবেন জগন্নাথ দেবের। পুরীর মন্দিরের আদলে তৈরি এই মন্দির পাহাড়ের বেশ কিছুটা ওপরে। রাজা বিক্রমাদিত্যের ৩২ সিংহাশনের গল্প শুনেছেন নিশ্চয়। স্থানীয়দের বিশ্বাস এই সিংহাশন রয়েছে এখানেই মাটি চাপা। চারিদিকে সবুজে ঘেরা। নিরিবিলিতে খানিকটা সময় কাটিয়ে যেতে পারেন। সময় থাকলে ঘুরে আসতে পারেন গণেশ মন্দির ও দেওমালি ভিউ পয়েন্ট। ওড়িশার সর্বোচ্চ পয়েন্ট এটি। আকারে অনেকটা টেবিল টপের মত। এখানকার সূর্যাস্ত আপনার মোবাইলের সম্পদ হয়ে থাকবে চিরকাল।
কোরাপুটের রামগিরি জঙ্গলের মধ্যে রয়েছে গুপ্তেশ্বর গুহা ও মন্দির। এখানকার শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠেছে। কাছেই খরস্রোতা সাবেরী। কাছেই রয়েছে ২০০ বর্গ মাইল জুড়ে ঘন জঙ্গল কাঙ্গের গড় জাতীয় উদ্যান। রয়েচে কুটুমসার গুহাও। জুন থেকে সেপ্টেম্বর এই গুহার পেটে জল ঢোকে। সে সময় বন্ধ থাকে গুহা। কোরাপুটায় রয়েছে তিরথগড় জলপ্রপাত। কাঙ্গের নদীর জলে তৈরি এই জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে পাগল করবে। এছাড়াও রয়েছে ভারতের নায়েগ্রা চিত্রকূট জলপ্রপাত। ইন্দ্রাবতী নদী সৃষ্টি করেছে এই জলপ্রপাত। তারপরে তা মিলিত হয়েছে গোদাবরীর সঙ্গে। তিনটি ভিন্ন ধারায় ৯৮ ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাত একত্রিত হয়ে ভীম রূপ ধরে আছড়ে পড়ে একশ ফুট নীচে। হাওড়া স্টেশন থেকে হাওড়া-সম্বলপুর জগদলপুর এক্সপ্রেসে কোরাপুট স্টেশন। এখানে নেবে গুগুল আঙ্কেলের ভরসায় গাড়ি ভাড়া করে নিলেই হবে।