Calcutta Television Network

চেনা ছক ছেড়ে ঘুরে আসুন চিরিমিরীর পাহাড়ে

চেনা ছক ছেড়ে ঘুরে আসুন চিরিমিরীর পাহাড়ে

21 May 2026 , 02:24:49 pm

অসীম সেন: পাহাড় মানে কি শুধু উত্তর বঙ্গ কিংবা উত্তর ভারত। আরে ও সব জায়গায় তো সবাই যায়। একটা অন্য কোনও জায়গার প্ল্যান দাও না বাবা। এক মুঠো মুড়ি মুখে নিয়ে চিড়বিড় করে উঠলেন পঞ্চানন্দ তালুকদার। বোধহয় মুখে লঙ্কা পড়ে গেছে। দীপু নির্লিপ্ত মুখে বলল তাহলে চিরিমিরী চলে যান। কী আছে সেখানে? পঞ্চানন্দ বাবুর প্রশ্ন শুনেই পরিস্কার, চিরিমিরী এরকম নাম আগে শোনেননি কখনও। দীপু লাল চা এর কাপে একটা বড় চুমুক মেরে বলল হাসদেও নদী আছে আছে পাহাড়, আছে সীমাহীন সবুজ, আছে নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা। খুব একটা দূরেও যেতে হবে না। পড়শি রাজ্য ছত্তীশগঢ়েই রয়েছে এই ট্যুরিস্ট ডেস্টিনেশন। ঘুরতে যাবার টোটাল প্যাকেজ। জীবন এখানে মাত্রাকলাবৃত্ত ছন্দের মত। ছন্দ আছে তবে সে গতিহীন, ভিন্ন রকমের।


ছোট্ট জায়গা চিরিমিরী। তবে এটুকু জায়গার মধ্যেই রয়েছে একাধিক ঝরনা এবং মন্দির। এখানে রয়েছে সিদ্ধ বাবা পাহাড়। ভোর কিংবা গোধুলি বেলায় এই পাহাড়ি রাস্তায় গাড়ি ছোটালে মন ভালো হতে বাধ্য। গোটা যাত্রাপথ জঙ্গলে মোড়া এবং রয়েছে একাধিক ঝরনা। সিদ্ধ বাবা শিবেরই এক রূপ। মন্দিরে উঠে গোটা এলাকার প্যানোরামিক ভিউ দেখে মন ভরে যাবে। মনেন্দ্রগড় শহর থেকে ২৬ কিলোমিটার দূরে রয়েছে অমৃতধারা জলপ্রপাত। এছাড়াও ঘুরে নিতে পারেন রামদহ ঝরনা এবং ফলিস পার্ক। হাওড়া বা শালিমার থেকে ট্রেনে অনুপপুর জংশন। এখান থেকে ৯৬ কিলোমিটার চার চাকায় চিরিমিরী। আহামরি থাকার কিছু পাবেন না। তবে ইসিএলের কয়েকটি গেস্ট আছে। কিছু হোটেলও আছে। মোটের ওপর চার দিন ঘোরার জন্য জায়গাটা মন্দ নয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN