Calcutta Television Network

‘হাল্কম্যানিয়া’র অবসান! চলে গেলেন রিংয়ের অমর বীর হাল্ক হোগান...

এক ইতিহাসের ইতি। টেরি বোলিয়া, যিনি গোটা বিশ্বে রেসলিংপ্রেমীদের কাছে হাল্ক হোগান নামে পরিচিত, হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স হয়েছিল ৭১ বছর। মার্কিন ট্যাবলয়েড TMZ Sports জানিয়েছে, ফ্লোরিডার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন হোগান। দ্রুত চিকিৎসা পৌঁছালেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কয়েক সপ্তাহ আগেই হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হয়েছিল হাল্কের। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। 'হাল্ক কোমায় রয়েছেন' — এই গুজবও উড়িয়ে দেন তাঁর স্ত্রী। কিন্তু মৃত্যুর পর পুলিস এবং তাঁর ম্যানেজার নিশ্চিত করেন, কিংবদন্তির জীবনাবসান হয়েছে।

আট ও নয়ের দশকে রেসলিং মানেই ছিল হাল্ক হোগান। তাঁর সোনালি চুল, ঘন হর্স-শু গোঁফ, লাল-হলুদ পোশাক আর গর্জন—‘হাল্কম্যানিয়া’—এই শব্দটাই যেন এক বিপ্লবের নাম। তিনি ছিলেন প্রথম WrestleMania (1985)-র হেডলাইনার। জিতেছেন ৬টি WWE চ্যাম্পিয়নশিপ। ২০০৫ সালে স্থান পেয়েছেন WWE Hall of Fame-এ। তাঁর ‘অস্ত্র’ ছিল আত্মবিশ্বাস—'Say your prayers, take your vitamins!' 

বিশ্বজুড়ে কোটি কোটি অনুরাগীর অনুপ্রেরণা ছিলেন তিনি। রেসলিং তাঁকে ঘিরেই জনপ্রিয় হয়েছিল মূলধারার বিনোদনে। Sylvester Stallone-এর সঙ্গে অভিনয় করেছিলেন ‘Rocky III’ ছবিতে। হাল্কের চরিত্র ‘Thunderlips’ সেখানে দর্শকহৃদয়ে ছাপ ফেলেছিল। স্ট্যালোন বললেন—

'তাঁর সঙ্গে যখন প্রথম দেখা, তখন সে ছিল মাত্র ২৬। Rocky III-তে ওর স্কিলস ছবিটাকে জীবন্ত করে তুলেছিল। আমি বিধ্বস্ত।'

২০২৩ সালে নিজের থেকে ২৫ বছরের ছোট স্কাই ডেইলি-কে বিয়ে করেছিলেন হাল্ক। জীবনের এক নতুন অধ্যায় শুরু হলেও মৃত্যু যেন অপেক্ষা করছিল নীরবে। মৃত্যুর পর WWE একটি গভীর শোকবার্তা জারি করেছে। রেসলিং জগতের প্রবীণ তারকা রিক ফ্লেয়ার, আন্ডারটেকার সহ বহু তারকা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

মৃত্যুর পরও চিরঞ্জীব ‘হাল্কাম্যানিয়া’। আজও যখন কেউ বলে—'Whatcha gonna do when Hulkamania runs wild on you?'—তখনও শিউরে ওঠে রেসলিং প্রেমীদের মন। হাল্ক হোগান শুধুমাত্র একজন কুস্তিগির নন, তিনি এক কালজয়ী চরিত্র। তাঁর উপস্থিতি ছিল এক স্বপ্ন, এক গল্প, এক অনুপ্রেরণা। 

শেয়ার করুন