ভক্তি যখন স্থির হয়, তখন ব্রত হয়ে ওঠে শক্তির উপাসনা। আর সেই শক্তির উৎস যদি হন আশুতোষ মহাদেব, তবে ভক্তির দীপ্তি স্বতঃস্ফূর্তভাবে প্রসারিত হয়। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। কিন্তু সোমবার—এই দিনটি একান্তভাবে উত্সর্গিত ভগবান শিবের উদ্দেশ্যে।
শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন—এই পবিত্র মাসগুলির প্রথম সোমবার থেকে যে ব্রত শুরু হয়, তা-ই হলো 'ষোলো সোমবার ব্রত'। কিন্তু আপনি চাইলে বছরের যেকোনো শুভ সোমবার থেকেই এই ব্রত শুরু করতে পারেন।
এই ব্রত হল পরপর ১৬টি সোমবার একনিষ্ঠভাবে ভগবান শিবের উপাসনা করা, উপবাস রাখা ও নির্দিষ্ট নিয়মে পুজো সম্পন্ন করার এক পবিত্র সংকল্প। ব্রতকালে প্রতিটি সোমবার সকালে উঠে স্নান করে, সাদা বা হালকা রঙের পরিষ্কার পোশাক পরে শুরু করতে হয় শিবপুজো। শুধুমাত্র দুধ, জল বা বেলপাতা অর্পণ করলেই যথেষ্ট নয়, চাই শুদ্ধচিত্ত উপাসনা ও নিয়মমাফিক আচার পালন।
এই ব্রত করলে জীবনের সব বাধা, দুঃখ, পাপ ও মানসিক অস্থিরতা দূর হয়। এমনকি গ্রহ দোষও কেটে যায়। সকল মনস্কামনা পূরণ হয়। যদি বিবাহিত জীবনে কোনোও সমস্যার সম্মুখীন হন, তাহলে এই ব্রত করতে পারেন, এই ব্রত করলে বিবাহিত জীবনেরও উন্নতি হয়, সকল অশান্তি দূর হয়। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। পরিবারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। শিব- পার্বতীর কৃপা লাভ করা যায়।
শাস্ত্রমতে এই ব্রত পালন করার অনেক নিয়ম আছে। এই ব্রত করার জন্য ভোরবেলা (ব্রহ্ম মুহূর্তে) উঠে স্নান করে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হবে। এরপর শিবের সংকল্প নিতে হবে। ব্রতকথা শুনে ও ব্রত পাঠ করলেই শিবের কৃপালাভ সম্ভব।
শিবের পুজোতে লাগবে বেলপাতা (ত্রিপত্রি সহ), গঙ্গাজল বা পরিষ্কার জল, কাঁচা দুধ, ধুতুরা ফুল ও ফল, চাল (অক্ষত), ফুল, চন্দন, ধূপ, প্রদীপ, কর্পূর, ধানের অক্ষত, বিভূতি, শ্বেত চন্দন। প্রসাদস্বরূপ দিতে হবে ঘি, গমের আটা, চিনি।
এরপর 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ (যথাসম্ভব ১০৮ বার) করতে হবে। শিবলিঙ্গে জল, দুধ, গঙ্গাজল দ্বারা অভিষেক করতে হবে। তবে, এখানে হলুদ বা সিঁদুর ব্যবহার করলে চলবে না; শুধুমাত্র চন্দন ব্যবহার করতে হবে। শ্রাবণ মাসে শুধু শিবপুজো করলে চলবে না, দেবী পার্বতী ও নন্দীর পূজা করতে হবে। শিবের ব্রতকথা ও উপাসনার মাধ্যমে শিবের আরতি করতে হবে।
ব্রতকালে অ্যালকোহল, তামাক সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সময়কালে ব্রহ্মচর্য পালন করতে হবে। গম, চাল, ডাল (সন্ধ্যায় ফলমূল গ্রহণ করা যেতে পারে) খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উপবাস অসম্পূর্ণ রাখা কিন্তু একেবারেই উচিত না। এই ব্রত পরপর ১৬টি সোমবার করলে সবথেকে বেশি ভালো হয়।
শ্রাবণ মাসে শিব-পার্বতী মর্ত্যে অবতরণ করে থাকেন বলে বিশ্বাস করা হয়। এই মাসে শিবের পূজা করলে তিনি তৎক্ষণাৎ সাড়া দেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এই মাসে উপবাস করলে, শিবের কৃপা লাভ করা যায়। এই ব্রতে অংশগ্রহণ করলে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় থাকে এবং জীবনে শুভ শক্তির প্রবাহ ঘটে।