কেরালার রাজধানী তিরুবনন্তপুরম—এই নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে রহস্য, ইতিহাস আর আধ্যাত্মিকতা। এই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক প্রাচীন মন্দির—পদ্মনাভস্বামী মন্দির—যেখানে বিরাজমান ভগবান বিষ্ণু নিজে, অনন্ত নাগের উপর শয়নরত অবস্থায়। তবে এই মন্দিরের আকর্ষণ শুধু ধর্মীয় অনুভূতিতেই সীমাবদ্ধ নয়; বরং এখানকার গোপন Vault B এবং অনাবিষ্কৃত গুপ্তধনের রোমাঞ্চে ডুবে রয়েছে গোটা দুনিয়া।
মন্দিরটির নির্মাণশৈলী দ্রাবিড় স্থাপত্যের অনন্য নিদর্শন। উঁচু গোপুরম বা প্রবেশদ্বার, বিশাল পাথরের খোদাই করা ভাস্কর্য আর সোনালী স্তম্ভ যেন এক প্রাচীন কালজয়ী সংস্কৃতির সাক্ষ্য বহন করে। বলা হয়, এই মন্দিরের প্রাচীনত্ব মহাভারতের যুগ পর্যন্ত বিস্তৃত, যদিও বর্তমান স্থাপনাটি মূলত ৮ম থেকে ১৮শ শতকের মধ্যে গড়ে ওঠে।
মূর্তিটি অনন্য, কারণ এখানে ভগবান বিষ্ণু 'অনন্তশয্যায়' শুয়ে রয়েছেন—পাঁচ ফণা বিশিষ্ট সাপ আনন্ত নাগের উপর। এই রূপে তাঁকে বলা হয় পদ্মনাভ, যার নাভি থেকে ফুটে উঠেছে এক পদ্মফুল, যার উপর বসে রয়েছেন ব্রহ্মা। ভক্তদের বিশ্বাস, এই মূর্তি আধ্যাত্মিক শক্তির এক বিশাল কেন্দ্র।
২০১১ সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের ছয়টি গোপন কক্ষ (Vault A-F) খোলা হয়। সেখানে আবিষ্কৃত হয় অবিশ্বাস্য পরিমাণ ধনসম্পদ—সোনার মূর্তি, রত্নখচিত অলংকার, রাজকীয় থালা, মুদ্রা, এমনকি মূল্যবান হীরা! এখানে রয়েছে ১ লক্ষ কোটি টাকারও বেশি! বিশ্বে এটিই সবচেয়ে ধনী হিন্দু মন্দির!
তবে সবচেয়ে রহস্যময় Vault হল Vault B, যা এখনও খোলা হয়নি। বলা হয়, এর ভেতরে অলৌকিক শক্তি বিরাজ করে এবং একে খোলার চেষ্টাই বিপদ ডেকে আনতে পারে। স্থানীয় পুরোহিতদের মতে, এই কক্ষ 'দেবতাদের অভিশপ্ত ধনভাণ্ডার', যা মাত্র কয়েকজনের হাতে সুরক্ষিত। এই মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে। এই মন্দিরে প্রবেশ করতে হলে মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ পড়া আবশ্যিক এবং ছেলেদের ধুতি পড়তে হবে।
এই মন্দিরে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও এই মন্দিরে ঢোকার সময় কোনওরকম ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়েও প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
মন্দিরটি অবস্থিত কেরালাতে। এর নিকটতম রেলস্টেশন তিরুবনন্তপুরম সেন্ট্রাল। নিকটতম বিমানবন্দর তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর।
পদ্মনাভস্বামী মন্দির শুধু একটি পুজোর স্থান নয়, এটি এক বিস্ময়কর ঐতিহ্য যেখানে বিশ্বাস আর ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছে এক গুপ্তধনময় রূপকথা। আজও Vault B-এর দরজা খোলেনি, আর হয়তো খুলবেও না—কারণ ভগবানের ইচ্ছা ছাড়া এই অলৌকিক রাজ্যে প্রবেশ নাকি নিষিদ্ধ।