সারাদিন ফোন, ল্যাপটপ, ট্যাব... আপনি কখনো কি ভেবেছেন—নিজেকে আপনি কতটা সময় দিচ্ছেন? আমরা আজকাল বাস্তব নয়, ভার্চুয়াল জগতেই বেঁচে থাকি। আমাদের সকাল শুরু হয় স্ক্রিন দিয়ে, আর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত চোখ থাকে মোবাইলের আলোয়। কিন্তু এই অভ্যাসই ধীরে ধীরে ডেকে আনছে উদ্বেগ, অবসাদ, নিদ্রাহীনতা ও আত্মবিশ্বাস হ্রাসের মতো সমস্যাকে।
এই অবস্থায় প্রয়োজন ‘ডিজিটাল ডিটক্স’—মানে নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকা, নিজের সঙ্গে সময় কাটানো, মনকে বিশ্রাম দেওয়া। কিন্তু জানেন কেন এই ডিজিটাল ডিটেক্স জরুরি! প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে ৭-৯ ঘণ্টা স্ক্রিনে কাটায়। এরফলে চোখে ক্লান্তি আসে, মাথাব্যথা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে ও মানসিক অস্থিরতা তৈরি হয়। আবার এরফলে সম্পর্কেও প্রভাব পড়ে। কথাও কম বলা হয়, আর অনুভব শক্তি কমে যায়। কিন্তু স্ক্রিন থেকে দূরে গিয়ে আমরা ফিরে পেতে পারি মনসংযোগ, সৃজনশীলতা, মানসিক প্রশান্তি।
সপ্তাহে একদিন ‘ডিজিটাল উপবাস’ করুন। রবিবার হোক স্ক্রিন-মুক্ত দিন, সেদিন সারাদিন পছন্দের বই পড়ুন। খোলা জায়গায় হাঁটুন। এছাড়াও কিছু সৃজনশীল কাজ করুন। যেমন এই ধরুন আপনার পছন্দ রান্না করা, বা গান শোনা তাই করুন। পরিবার বা বন্ধুদের সঙ্গেও কিছুটা সময় কাটাতে পারেন। তাহলে দেখবেন দিনটাই কেটে যাবে ফোন ছাড়া।
এছাড়াও দিনের বাকি সময়ে স্ক্রিন টাইম নির্ধারণ করুন। ফোনে টাইম-লিমিট অ্যাপস ব্যবহার করুন (যেমন: Digital Wellbeing, Focus Mode)। কাজ ছাড়া সময় নষ্ট বন্ধ হবে। সাইলেন্ট জোন তৈরি করুন। খাওয়ার সময়, বাথরুমেও ফোন ঘাঁটবেন না, এছাড়াও শোওয়ার আগে ফোন সম্পূর্ণ অফ বা সাইলেন্ট করুন। ঘুমের ১ ঘণ্টা আগে স্ক্রিন বন্ধ করুন। স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোনকে ব্যাহত করে—ঘুম আসে দেরিতে। তার বদলে শুয়ে পড়ুন বই হাতে। সবথেকে আগে ফোনে নোটিফিকেশন অফ করুন। প্রতিনিয়ত নোটিফিকেশন আপনার মনকে ছেঁড়াখোঁড়া করে দেয়। প্রয়োজন ছাড়া এগুলো বন্ধ রাখুন। 'No Tech Zone' তৈরি করুন বাড়িতে। শোওয়ার ঘর, ডাইনিং টেবিল বা বাথরুমে ফোন একদম নিষিদ্ধ করে দিন।
ডিজিটাল ডিটক্স মানেই কি প্রযুক্তির বিরোধিতা? একদমই তা নয়! প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু ভারসাম্য হারানোই বিপদ। ডিটক্স মানে শুধুই বিচ্ছিন্ন হওয়া নয়, বরং সংযোগ—নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, বাস্তব মানুষের সঙ্গে।
প্রতিদিন একটু সময় নিজেকে দিন। নিজের মনের কথা শুনুন, নিজের ছায়ায় থাকুন। স্ক্রিনের উল্টো দিকে আপনি নিজেই—সেই মানুষটিকে যেন হারিয়ে না ফেলি। ডিজিটাল ডিটক্স একদিনে সম্ভব নয়, কিন্তু আজ থেকে শুরু করলে আগামীকাল বদলে যাবে।