Calcutta Television Network

যোনি স্বাস্থ্য ও সচেতনতা... এখনও কেন ট্যাবু?

'ও কথা বলিস না', 'ওটা নিয়ে কথা বলতে নেই' — এই সংস্কারই মেয়েদের ঠেলে দিচ্ছে অজান্তেই রোগের দিকে। এখনই সময় 'যোনি' শব্দটিকে স্বাভাবিক করার। 'যোনি' শব্দটি আজও বহু পরিবারে ফিসফিস করে উচ্চারিত হয়। যেন এটা কোনও নিষিদ্ধ শব্দ। অথচ এটাই নারীর জীবনের অন্যতম প্রাকৃতিক ও গুরুত্বপূর্ণ অংশ।

মাসিক, যৌনস্বাস্থ্য, সন্তানধারণ, প্রসব—সবকিছুর সঙ্গে সরাসরি জড়িত এই অঙ্গ। তা সত্ত্বেও যোনির স্বাস্থ্য নিয়ে কথা বলা মানেই যেন লজ্জা বা অপমান! এই সমাজচর্চিত ট্যাবু থেকে জন্ম নেয় অজ্ঞতা—আর অজ্ঞতা থেকেই আসে ভয়ের, ভুলের ও অসচেতনতার রোগ।

আমরা কী সাদা স্রাব বা ডিসচার্জ নিয়ে কথা বলা থেকে এড়িয়ে চলি? ইচিং, জ্বালা, গন্ধ হওয়া সত্বেও লজ্জায় ডাক্তার দেখাতে যেতে চাই না। কন্ডোম বা যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা না করাও কিন্তু আমাদের একটা মনের রোগ। মনে রাখতে হবে একটু বাড়াবাড়ি হলেই হতে পারে মারাত্মক বিপদ। তাই আগে থেকে সচেতন হন। পিরিয়ড বা হাইজিন নিয়ে পরিবারের সামনে মুখ না খোলাও কিন্তু একটা বিপদের কারণ, যদি কোনও কিছু হয় তাহলে একেবারে ডাক্তারের কাছে যেতে হবে আর তাকে সব বিষয়টা খুলে বলতে হবে এমনটা ভেবেও অন্তত নিজের এই সমস্যাগুলোকে নিয়ে একটু হলেও মুখ খুলুন। ইউটিআই বা ইনফেকশনকে 'সাধারণ' বলে এড়িয়ে যাওয়া কিন্তু একেবারেই উচিত না। 

জানেন এই অবহেলার পরিণাম কি হতে পারে! শেষজ্ঞ ডা. শুভশ্রী দে বলছেন, 'প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা না থাকায় বহু নারী সার্ভিকাল ক্যানসার, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, ইউটিআই, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত আক্রান্ত হন।'

যোনি স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন পরিচ্ছন্ন পদ্ধতিতে নিজের এই গোপন অংশটি পরিষ্কার রাখতে হবে। সুতির অন্তর্বাস পরা ও নিয়মিত বদলানো উচিত। এছাড়াও যৌন সম্পর্কের আগে-পরে পরিষ্কার থাকা উচিত। কেমিক্যাল বা সুগন্ধযুক্ত ইন্টিমেট প্রোডাক্ট এড়িয়ে চলা উচিত, অপরিচিত বা অপরিষ্কার জায়গায় ইউরিন না করা উচিত। বেশিক্ষণ একই স্যানেটারি প্যাড পড়ে থাকা উচিত নয়। 

এই বিষয়ে সচেতনতা আনতে মেয়েদের স্কুল থেকেই যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। মায়েদের উচিত মেয়েদের সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলোচনা করা। এখন মানুষ অনেক বেশিই স্যোশাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাই এই প্ল্যাটফর্ম এই বিষয়ে খোলামেলা আলোচনা করা উচিত। দাম্পত্য জীবনে এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। 

যোনি কোনও নিষিদ্ধ শব্দ নয়। এটা প্রকৃতির উপহার। একে আড়াল নয়, এটাকে যত্ন, সচেতনতা আর শ্রদ্ধা দিয়ে দেখতে হবে। আপনার শরীর আপনার সম্পদ—আর যোনি তার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

শেয়ার করুন