দেব, বাংলার ইন্ডাস্ট্রিতে আজকের দিনে অন্যতম এক উল্লেখযোগ্য নাম। সেই 'চ্যাম্প' থেকে আজকের 'খাদান', তাঁর প্রায় প্রতিটি সিনেমাই হিট হয়ে আসছে। আর, অভিনেতার প্রায় সব সিনেমায় সাফল্যের মুখ দেখায় দর্শকেরা তাঁর কাছে থেকে আরো ভালো গল্প উপহার পাওয়ার আশাও অনেকগুন বাড়িয়ে দিয়েছে। মূলত, বলা যায় অভিনেতাকে চ্যাম্প সিনেমার পর থেকেই কিছুটা অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায়।
প্রসঙ্গত, আসন্ন দিনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং দুর্গাপুজোতে 'ধূমকেতু' ও 'রঘু ডাকাত' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই, এই খবর সকলের জানা। বিশেষত, দীর্ঘ ৯ বছর অপেক্ষার পরে অবশেষে আসতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু, যা নিয়ে অতি আগ্রহে রয়েছেন এই জুটির অনুরাগীরা। তবে, এই সবকিছুর মধ্যেও শুরু হয়ে গেল অভিনেতার আরেক গল্পের নতুন যাত্রা। সম্প্রতি, অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্টে 'প্রজাপতি ২'-এর শুটিং যে শুরু হয়ে গেছে, তা নেটিজেনদের জানান দিলেন। এই ছবি দেখা মাত্রই দর্শকেরা আগ্রহী হয়ে উঠেছেন জানার জন্য কবে আবার দেখতে পাবে বাবা-ছেলের এই জুটিকে?
বলাই বাহুল্য, ২০২২ সালে যখন 'প্রজাপতি' প্রথম মুক্তি পেয়েছিল তখন এই সিনে জগত এবং রাজনীতিকে জড়িয়ে নানা ধরণের সমালোচনার সৃষ্টি হয়েছিল। কিন্তু, সেই সবকিছুকে পাত্তা না দিয়ে রমরমিয়ে সাফল্যের মুখ দেখেছিল মিঠুন-দেবের নতুন জুটি। আর, সেই সময় থেকেই প্রযোজনা সংস্থা দর্শকদের 'প্রজাপতি'র ফ্রাঞ্চাইজি নিয়ে আসার আভাস দিয়ে ছিলেন। আগের বারের মতন এইবারেও ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিত সেন এবং ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী এবং দেব। এবার, দেখার বিষয় এটাই দেব-মিঠুনের ঠিক কতটা মনে জায়গা করতে পারে দর্শকদের?