বিগত কয়েকদিন ধরেই চর্চায় উঠে আসছে আর্য-অপর্ণা জুটির বিষয়ে নানান কথা। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নায়ক-নায়িকার মধ্যে নাকি নানা রকমের অসন্তোষের দানা বাঁধছে। শুটিং সেটেও নাকি চলছে চাপানউতোর। তবে, বর্তমানে এই রটনাতে জল ঢালল জীতু-দিতিপ্রিয়া। ধারাবাহিকের এই জুটি একেবারে চ্যানেল কর্তৃপক্ষের সমাজ মাধ্যমের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তাঁরা সরাসরি দর্শকদের সঙ্গে কথা বললেন।
লাইভের শুরুতে নায়ক-নায়িকা প্রাথমিকভাবে সিরিয়ালের একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা করেছেন। এই লাইভ চলাকালীন আবার তাঁদের মধ্যে নানা ধরনের খুনসুঁটি হতেও দেখা যায়। এরপর, কথায় কথায় অভিনেতা জীতু দর্শকদের জিজ্ঞসা করলেন, তাঁদের দেখতে কেমন লাগছে? এরপর, অভিনেতা জানান ধারাবাহিকের বিশেষ পর্বের জন্য রাট তিনটে অবধি তাদের শুটিং হয়েছে। জীতু তখন খানিক মজার ছলে বললেন, রাত ৩টের সময় দিতিপ্রিয়া যেভাবে তাকায়, তা দেখলেই যে কারোর ভয় লাগবে।
এরপর, সিরিয়ালের চরিত্রের রসায়ন নিয়ে অভিনেতা জানান, আর্য যেমন অপর্ণাকে স্নেহ করে, তেমন তিনি বাস্তব জীবনের দিতিপ্রিয়াকেও খুব সন্মান করেন। এরপর, নেট দুনিয়ায় ছড়ানো গুজব নিয়ে এই জুটি বললেন, তাঁদের আলাদা আলাদা মেকআপ রুমই দেওয়া হয়। ছেলে ও মেয়েদের ঘর সবসময় আলাদাই থাকে। কেউ কখনোই তাঁরা একঘরে থাকেননি। এমন সময় জীতু প্রশ্ন তুললেন, তাঁরা একঘরে কেনই বা থাকবেন? প্রসঙ্গত, এই ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই এই জুটি দর্শকদর মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে, মাঝেমাঝেই সিরিয়াল প্রেমীদের মধ্যে তাঁদের নিয়ে আলোচনা চলতেই থাকে।