সামনেই মহালয়া। তাই, টলিপাড়ায় ‘মহিষাসুরমর্দিনী’-এর প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরের মতন এই বছরেরও কোন চ্যানেলে কে দূর্গা হবে এই নিয়ে জানার আগ্রহ অনেকেরই থাকে। অনেক দর্শকেই তাঁরা তাঁদের পছন্দের অভিনেত্রীকে মা দুর্গার রূপে পর্দায় দেখতে চায়। প্রসঙ্গত, একবার জি বাংলায় মা দুর্গার রূপে দেখা গিয়েছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। অন্যদিকে, আবার স্টার জলসায় প্রায় প্রতি বছরই ‘মহিষাসুরমর্দিনী’র ভূমিকা পালন করেন কোয়েল মল্লিক। এই বছরেও সেই সিদ্ধান্তের অন্যথা হয়নি।
কোয়েল ছাড়াও স্টার জলসার মহালয়াতে বিভিন্ন দেবীদের রূপে অভিনয় করবেন হিয়া মুখোপাধ্যায়, তৃণা সাহা-সহ আরও অনেকে। এদিকে, শোনা যাচ্ছে ইধিকা পালকে নাকি এই বছর জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’-তে দেখা যাবে। অবশ্য, যদি এই খবর সত্যি হয় তাহলে আবার বেশ কয়েকবছর পর ছোটপর্দার 'রিমলি'কে অর্থাৎ ইধিকাকে দেখতে পাবে দর্শকরা। এছাড়াও, জি বাংলায় শ্বেতা ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায়, তনিষ্কা তিওয়ারি-সহ বহু অভিনেত্রীকে মা দুর্গার বিভিন্ন রূপে দেখতে পাওয়া যাবে।
কিন্তু, এ তো নয় গেল মা দুর্গার পালা। কিন্তু, কেউ কি জানেন এই মা দুর্গাদের স্বামী অর্থাৎ শিব কে বা কারা হবেন? ইতিমধ্যে নাকি স্টার জলসার মহালয়ার জন্য মহাদেবের চরিত্রে কে পাঠ করবেন তা ঠিক হয়ে গেছে। 'শিব'-এর চরিত্রে পাঠ করবেন 'আজকের নায়ক: পরশুরাম'-এর ইন্দ্রজিৎ। অন্যদিকে, জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’-র 'শিব' চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে অভিষেক বসু এবং জীতু কমলকে। এই প্রসঙ্গ নিয়ে শহরের এক সংবাদ মাধ্যম জীতুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি শিবের পরম ভক্ত। এই চরিত্রে কাজ করতে পারা মানে তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ। দুই চ্যানেল মিলিয়ে বেশ অনেকবারই এই চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন। এরপর, কথায় কথায় অভিনেতা জানান, সেই ২০১৯ সাল থেকে অভিনেতাকে শিবের চরিত্রে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে।